ছবি : বাংলাদেশের খবর
সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে পাঁচ কোটি টাকার চোরাই পণ্য, পশু, মাদকদ্রব্য ও মাছ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালে বিজিবির টহল টিম এ অভিযান পরিচালনা করে।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে বিজিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৪৮ ব্যাটালিয়নের অধীনে সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী বাংলাবাজার, শ্রীপুর, লবিয়া, কালাসাদেক, সোনারহাট, লাফার্জ, দমদমিয়া, বিছনাকান্দি, সংগ্রাম বিওপির এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে ভারত থেকে চোরাই পথে আসা বিপুল পরিমাণ ব্যাটারি, চিনি, গরু, মহিষ, ক্রিম, চকলেট, জিরা, কম্বল, কমলা, কোয়েকার ওটস, ফুচকা, মদ এবং বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ জব্দ করেন। এছাড়া চোরাই পণ্য পরিবহণে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলও আটক করা হয়েছে।
বিজিবি জানায়, জব্দকৃত পণ্য, পশু, মাদকদ্রব্য ও মাছের মূল্য মোট ৫ কোটি ২২ লাখ ১৬ হাজার ৭০০ টাকা।
৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সীমান্তে চোরাচালান রোধ ও সুরক্ষা নিশ্চিত করতে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রেজাউল হক ডালিম/এমবি

