Logo

সারাদেশ

নলকূপের পানিতে চেতনানাশক মিশিয়ে ৩ বাড়িতে চুরি

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ১৪:৫০

অ
নলকূপের পানিতে চেতনানাশক মিশিয়ে ৩ বাড়িতে চুরি

ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরের শ্রীপুরে নলকূপের পানিতে চেতনানাশক মিশিয়ে তিন বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত ২ টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের ভেড়ামতলি গ্রামের পাশাপাশি তিনটি বাড়িতে এ ঘটনা ঘটে।

এতে তিন পরিবারের ৮ সদস্য অসুস্থ হয়েছেন। তারা হলেন, ভেড়ামতলি গ্রামের আনিসুর রহমান(৪৫),তার স্ত্রী সালমা আক্তার(৩৫) এবং ছেলে তৌহিদুর রহমান(১০),পাশের বাড়ির মোকছেদ আলী(৫০) ছেলে মাসুদ (৩০) এবং মেয়ে মালাসহ(২৭) আরও দুইজন।

আনিসুর রহমান জানান, ‘বৃহস্পতিবার দুপুরের পর থেকে নলকূপের পানি পান করে শরীর ঝিম ঝিম লাগছিল। বেলা গড়ার সঙ্গে সঙ্গে পরিবারের সবাই অসুস্থ হতে থাকে। পরে রাতে খাবার  খেয়ে সবাই ঘুমিয়ে পড়ি। সকালে ঘরের দরজায় পাশের বাড়ির লোকজন ধাক্কা দিলে আমার ঘুম ভাঙে । জেগে উঠে দেখি ঘরের সবকিছু এলোমেলো অবস্থায় পড়ে আছে।’ 

আনিসুর রহমানের স্ত্রী সালমা আক্তার কান্না জড়িত কণ্ঠে বলেন,‘আমি গাজীপুর সদর উপজেলার মনিপুরে একটি কারখানায় কাজ করি। গতকাল দুপুরে বাড়ি থেকে কারখানায় যাওয়ার পর থেকেই আমার চোখে ঘুম আসছিল। পরে কারখানা থেকে বাড়িতে ফিরে খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়ি। অচেতন অবস্থায় আমাদের ঘরের দরজা খুলে সবকিছু লুট করে নিয়ে গেছে দৃর্বৃত্তরা । আমার জমানো নগদ ৩০ হাজার টাকা এবং স্বর্ণালংকারসহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে তারা।’

আরেক ভুক্তভোগী নাজমুল হাসান মাসুদ বলেন,‘বৃহস্পতিবার দুপুর থেকেই নিজেকে মাতাল মাতাল মনে হইছে। আমার বাড়ি থেকে নিয়ে যাওয়া খাবার আমার এক সহকর্মী খেয়েছিল। সেও মাতাল অবস্থায় ছিল। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।’

স্থানীয় বাসিন্দারা জানান, চেতনানাশক মিশিয়ে নলকূপের পানি পান করার পরই ভুক্তভোগীরা অসুস্থ অনুভব করেন। রাতে সবাই ঘুমিয়ে গেলে দুর্বৃত্তরা তাদের ঘরের দরজা ভেঙে মালামাল চুরি করে নিয়ে যায়। তিনটি পরিবারের মোট চার লাখ টাকার মালামাল চুরি হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লুট হওয়া মালামাল উদ্ধারে কাজ চলছে। 

আতাউর রহমান সোহেল/এটিআর

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন