টেকনাফে অপহৃত ১৫ জন উদ্ধার, অপহরণ চক্রের ২ সদস্য আটক
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ১৭:৪৫
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে অপহৃত ১৫ জনকে উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে অপহরণ চক্রের দুই সদস্যকেও আটক করা হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়া নুরুল ইসলাম মেম্বারের বসতবাড়ির পিছনের পাহাড়ের চূড়ায় এই অভিযান পরিচালনা করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন জানান, কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) রহমতুল্লাহর নির্দেশনায় একটি চৌকস পুলিশ টিম কচ্ছপিয়ার গহীন পাহাড়ে ড্রোনের মাধ্যমে ভিকটিমদের অবস্থান সনাক্ত করে। তিন ঘণ্টার সফল অভিযান শেষে ১৫ অপহৃতকে উদ্ধার এবং তাদের মুক্তিপণ আদায়কারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়।
অপরাধী চক্রগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি আরও বলেন, ‘পাহাড়ে অপহরণ বন্ধে আমাদের অভিযান চলমান থকবে। আইনশৃঙ্খলা রক্ষায় আমরা কঠোর পদক্ষেপ গ্রহণ করছি।’
ইমতিয়াজ মাহমুদ ইমন/এটিআর

