ফেনী জেলা জামায়াতে ইসলামীর প্রথম সাবেক আমির ও অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মাওলানা এজিএম বদরুদ্দোজা (৭২) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২৫ জানুয়ারি) ভোর ৫টায় ফেনীতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি পাঁচ মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার একমাত্র ছেলে আবদুল্লাহ আল-ফাহিম বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে কর্মরত রয়েছেন।
বদরুদ্দোজা ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত মকবুল আহাম্মদ আনসারীর ছেলে।
জানা গেছে, মাওলানা বদরুদ্দোজা ১৯৮৪ সালে ফেনী জেলা হওয়ার পর থেকে ১৯৯১ সাল পর্যন্ত জেলা জামায়াতে ইসলামীর আমির ছিলেন। ১৯৯১ সালে স্বেচ্ছায় দলটির আমির থেকে ছুটি নিয়ে জীবিকার তাগিদে সৌদি আরবে চলে যান।
মাওলানা বদরুদ্দোজা ফেনীর আল জামেয়াতুল ফালাহিয়া মাদ্রাসা, ফেনী শাহীন একাডেমি স্কুল এন্ড কলেজ, সোনাগাজী আল হেলাল একাডেমি, ছিলোনীয়া মাদ্রাসা, ফুলগাজী একাডেমি, দাগনভূঞা একাডেমি, ফেনী হলি ক্রিসেন্ট স্কুলসহ অসংখ্য স্কুল, কলেজ, মাদ্রাসা প্রতিষ্ঠা করে গেছেন।
শনিবার (২৫ জানুয়ারি) বাদ জোহর তারই প্রতিষ্ঠিত ফেনী আল জামেয়াতুল ফালাহিয়া মাদ্রাসা মাঠে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বাদ মাগরিব দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনীয়া হাইস্কুল মাঠে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হবে। পরে একই ইউনিয়নের সোনাপুর গ্ৰামে মরহুমের নিজস্ব পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে। প্রথম জানাজায় ইমামতি করবেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সাবেক জেলা আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলার সাবেক আমির বদরুদ্দোজার মৃত্যুতে বর্তমান আমির মুফতী মাওলানা আবদুল হান্নান ও জেলা সেক্রেটারি মাওলানা আবদুর রহিম গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এমরান পাটোয়ারী/এমবি

