ভাঙ্গায় ৫ ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ১৫:৪০
ছবি : বাংলাদেশের খবর
ফরিদপুরের ভাঙ্গায় পৃথক ঘটনায় পাঁচটি ডাকাতির মামলার আসামি ও ছয় কেজি গাজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে ভাঙ্গা পৌরসভার সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।
শনিবার (২৫ জানুয়ারি) দুপুর ১ টায় ভাঙ্গা থানা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- ফরিদপুরের বোয়ালমারী উপজেলার তেলজুড়ি গ্রামের মোফাজ্জেল মোল্লার ছেলে ডাকাত আনিসুর রহমান ওরফে আনিচ (৪০) ও মাদকব্যবসায়ী ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বড়বাগ গ্রামের কবির শেখের ছেলে শেখ জনিপ ওরফে জনি।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোকছেদুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ মাদক বিক্রির প্রস্তুতিকালে শেখ জনিপ ওরফে জনিকে গ্রেপ্তার করে। অন্যদিকে, গত মাসে মহাসড়কে পিকআপ থেকে গরুর গাড়ি থেকে গরু ডাকাতির অন্যতম আসামি আনিচ ডাকাতকে বোয়ালমারী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান জানান, গত মাসে মহাসড়কে ১২ টি গরু ডাকাতি হয়। সেই আসামিদের আমরা আটক করে জেলহাজতে প্রেরণ করেছি। তাদের স্বীকারোক্তিতে পালিয়ে যাওয়া ডাকাত আনিচকে বোয়ালমারী এলাকা থেকে আটক করা হয়। আনিসের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ পাঁচটি মামলা রয়েছে।
মোসলেউদ্দিন/এমবি

