ছবি : বাংলাদেশের খবর
ফেনীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটা ও পরিবহনের মাধ্যমে গণউপদ্রব সৃষ্টি করার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৫ জানুয়ারি) সদর উপজেলার তিনটি স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ফেনী উপজেলার লেমুয়া মধ্যম চাঁদপুর বিশ্বনালী এলাকায় অবৈধভাবে মাটি কাটার মাধ্যমে জনদুর্ভোগের সৃষ্টি করায় এক ব্যক্তিকে দণ্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অন্যদিকে, লেমুয়া ইউনিয়নের দক্ষিণ চাঁদপুরের আনন্দবাজার সংলগ্ন ফসলি জমি থেকে অবৈধভাবে টপ সয়েল কাটার অভিযোগে একটি এস্কেভেটর আটক করা হয়। এস্কেভেটরটি ঘটনাস্থল থেকে সরানো সম্ভব না হওয়ায় সেটি অকেজো করে দেওয়া হয় ও ব্যাটারি নষ্ট করা হয়।
এছাড়া ছনুয়া ইউনিয়নের শহীদুল্লাহ মুহুরী বাড়ির পাশে ফসলি জমি থেকে অবৈধভাবে টপ সয়েল কাটার অভিযোগে অভিযান পরিচালিত হয়। তবে অভিযুক্ত কাউকে সেখান থেকে আটক করা সম্ভব না হওয়ায় মোবাইল কোর্ট শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারেনি।
ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার অভিযানের তথ্য নিশ্চিত করে বাংলাদেশের খবরকে বলেন, অবৈধভাবে মাটি কাটা বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
এমরান পাটোয়ারী/এমবি

