Logo

সারাদেশ

মুহুরী প্রজেক্টে ছিনতাই, প্রধান আসামির স্বীকারোক্তি

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ০৮:১৭

অ
মুহুরী প্রজেক্টে ছিনতাই, প্রধান আসামির স্বীকারোক্তি

ফেনীর সোনাগাজীর পর্যটন স্পট মুহুরী প্রজেক্টে রেলওয়ে স্টেশন মাস্টার ও তার স্ত্রীকে আটকে চাঁদা দাবি এবং ছিনতাইয়ের ঘটনার প্রধান আসামি জসিম উদ্দিন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। 

শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দিন আহমেদের আদালতে দায় স্বীকার করে এ জবানবন্দি দেন তিনি।

পুলিশ, ভুক্তভোগী ও স্থানীয়রা জানায়, ফেনী রেলওয়ে স্টেশন মাস্টার ইঞ্জিনিয়ার মীর মোহাম্মদ ইমাম উদ্দিন তার স্ত্রীকে নিয়ে গত ২১ জানুয়ারি মুহুরী প্রজেক্টের নতুন ব্রিজের পূর্ব পাশে মোটরসাইকেলযোগে ঘুরতে যান।  এসময় সড়কের অপর পাশে স্ত্রী ও মোটরসাইকেল রেখে তিনি প্রস্রাব করতে যান। 

এই সুযোগে আশিক মিয়াজি, জসিম উদ্দিন ও নুরুন্নবী রনির নেতৃত্বে ৫-৬জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র দিয়ে তাদেরকে জিম্মি করে দুটি মোবাইল, নগদ ৩৫ হাজর টাকা, দুই ভরী স্বর্ণালঙ্কার ও একটি পালসার মোটরসাইকেল ছিনিয়ে নেয়। পরবর্তীতে মোটরসাইকেল ফেরত দেওয়ার বিনিময়ে আরও ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। 

এ ঘটনায় বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় ইমাম উদ্দীন বাদী হয়ে মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বায়েজিদ আকন।

তিনি জানান, শুক্রবার ভোরে সোনাপুর ও শাহাপুর গ্রামে পৃথক অভিযান চালিয়ে সোনাগাজী সদর ইউনিয়নের চরশাহাপুর গ্রামের মৃত আবু আহমদের ছেলে জসিম উদ্দিন (২৮), নুরুজ্জামানের ছেলে মো. নুরুন্নবী রনি (৩০) ও সোনাপুর গ্রামের মৃত খায়েজ আহমদের ছেলে রহিমুল্লাহ আশিক নিয়াজীকে (৩৩) গ্রেপ্তার করা হয়। এছাড়া ছিনতাইকৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। পরে শনিবার তাদেরকে আদালতে তোলা হয়।

এমরান পাটোয়ারী/এটিআর


Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন