বরিশাল নগরের কাশিপুর ইছাকাঠী হাতেম মীরার দিঘী ও পাশের একটি পুকুর থেকে মানুষের কাটা হাত, পা ও শরীরের পাঁচটি অংশের টুকরা উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ জানুয়ারি) সকাল নয়টার দিকে জাতীয় সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পরে দিঘী ও তার পাশের একটি পুকুর থেকে ডুবুরি দলের সহায়তায় অজ্ঞাতনামা ব্যক্তির লাশের এসব টুকরা উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন শিকদার জানিয়েছেন, স্থানীয় স্কুলপড়ুয়া এক তরুণ প্রথমে হাতেম মীরার দিঘীতে একটি কাটা পা দেখতে পেয়ে এলাকাবাসীকে জানান। পরবর্তীতে তারা ৯৯৯-এর মাধ্যমে থানা পুলিশকে খবর দেন।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দূর থেকে হত্যা করে মানুষের শরীরের এসব কাটা অংশ এখানে ফেলা হয়েছে। বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে ওই পুকুর ও দিঘীতে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে ডুবুরি দলের সদস্যরা।
জে আই জুয়েল/এমজে

