Logo

সারাদেশ

মাদরাসায় নাচ-গান

অধ্যক্ষকে পদত্যাগে বাধ্য করলেন শিক্ষার্থীরা

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ২০:২৮

অ
অধ্যক্ষকে পদত্যাগে বাধ্য করলেন শিক্ষার্থীরা

ছবি : বাংলাদেশের খবর

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শোয়াইব নগর কামিল মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ নুরুল হুদাকে অবরুদ্ধ করে পদত্যাগে বাধ্য করেছেন শিক্ষার্থীরা। মাদরাসার কম্পিউটার ল্যাবে নাচ-গানের ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ হয়ে অধ্যক্ষের পদত্যাগ দাবি করেন তারা।

রোববার (২৬ জানুয়ারি) দুপুরে মাদরাসার অধ্যক্ষের পদত্যাগের দাবি তুলে নিজ অফিস কক্ষে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন শ্লোগান দিতে থাকেন তারা।

শিক্ষার্থীরা জানান, গত ২৪ জানুয়ারি শুক্রবার ছুটির দিনে মাদরাসার কম্পিউটার ল্যাবটি ভাড়া দেওয়া হয়। এ সময় ল্যাবে ভাড়া নেওয়া প্রশিক্ষণার্থীরা নাচ-গান করেন। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। ফলে রোববার সকালে মাদরাসা খোলার পর শিক্ষার্থীরা অধ্যক্ষ মোহাম্মদ নুরুল হুদাকে তার পদত্যাগের দাবিতে অবরুদ্ধ করে রাখেন। অধ্যক্ষকে ৪ ঘণ্টা অবরুদ্ধ করে রেখে শ্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।

এ সময় কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম মাদরাসায় উপস্থিত হয়ে অফিস কক্ষের দরজা খুলতে চেষ্টা করলেও তিনি ব্যর্থ হয়। পরে বাধ্য হয়ে দুপুর ২টার দিকে জেলা প্রশাসক বরাবর লেখা পদত্যাগপত্রে স্বাক্ষর করে কক্ষ থেকে বের হয়ে আসেন তিনি।

ফাযিল প্রথম বর্ষের শিক্ষার্থী ইমরান হোসেন বলেন, আমাদের মাদরাসার একটি সুনাম রয়েছে, যা এ ঘটনার মাধ্যমে ক্ষুণ্ণ হয়েছে। মাদরাসার ল্যাব ভাড়া দিয়ে সেখানে নাচ-গান করা ইসলামের আদর্শ ও অনুভূতিতে আঘাত। অধ্যক্ষ এ দায় থেকে মুক্ত হতে পারেন না। তাই আমরা তার পদত্যাগ চেয়েছি।

অধ্যক্ষ মোহাম্মদ নুরুল হুদা বলেন, প্রশিক্ষণার্থীদের কর্মকাণ্ডের বিষয়টি আমার অজানা ছিল। শুক্রবার বন্ধের দিন তারা এসব করেছে। এসবের কিছুই আমি জানি না। তারা আমার অনুমতি ছাড়াই এসব করেছে। 

তিনি আরও বলেন, আমি শিক্ষার্থীদের কাছে সময় চেয়েছিলাম। কিন্তু তারা আমাকে সময় না দিয়েই পদত্যাগ করতে বাধ্য করেছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।

বুরহান উদ্দীন/এমবি 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন