Logo

সারাদেশ

বান্দরবানে বিএনপি নেতাকে হত্যা মামলায় হয়রানির অভিযোগ

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ১৫:৪৮

অ
বান্দরবানে বিএনপি নেতাকে হত্যা মামলায় হয়রানির অভিযোগ

ছবি : বাংলাদেশের খবর

বান্দরবানে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলায় ফাঁসানোর ও হয়রানির অভিযোগ করেছেন বিএনপি নেতা দীপক বড়ুয়া। সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

বিএনপি নেতা দীপক বড়ুয়া বলেন, আমি ১৯৭৮ সাল থেকে বিএনপির রাজনীতির সাথে জড়িত এবং বিএনপির প্রার্থী হিসেবে ঘুমধুম ইউনিয়নে ১২ বছর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। এ সুবাদে আমার ও বিএনপির জনপ্রিয়তা রয়েছে। এ জনপ্রিয়তাকে ঈর্ষান্বিত হয়ে আওয়ামী লীগের ক্ষমতার প্রভাব কাটিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী বিপ্লব বড়ুয়ার মাধ্যমে আমাকে ও আমার পরিবারকে ইমন বড়ুয়ার হত্যার মামলায় জড়িয়ে দেয়া হয়।

তিনি আরও বলেন, অথচ ২০১৯ সালে মধ্যপ অবস্থায় ইমন বড়ুয়া নামে স্থানীয় এক উচ্ছৃঙ্খল যুবক রাস্তায় পড়ে গিয়ে মৃত্যুবরণ করেন। এ মৃত্যুকে হত্যাকাণ্ড সাজিয়ে মৃত ব্যক্তির বোন কক্সবাজার জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী ও ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার ঘনিষ্ঠ তান্নী বড়ুয়া বাদী হয়ে আমাকে ও আমার দুই ভাইকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। অথচ এ মামলায় আমি ও আমার ভাই দীর্ঘ দেড় বছর কারাভোগ করার পর জামিনে মুক্ত হই।

দীপক বড়ুয়া অভিযোগ করেন, ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতনের পরও স্বৈরাচারের দোসর ইমন বড়ুয়ার মা পুতুল রানী বড়ুয়া আমার বিরুদ্ধে বিভিন্নভাবে অপপ্রচার চালিয়ে আসছেন।

তিনি কক্সবাজার পৌর মহিলা যুবলীগের নেত্রী তান্নি বড়ুয়ার দায়েরকৃত রাজনৈতিক মিথ্যা মামলা প্রত্যাহারসহ আওয়ামী লীগের গডফাদার ফ্যাসিবাদী ডালিম বড়ুয়াকে আইনের আওতায় আনার দাবি জানান।

এ সময় সংবাদ সম্মেলনে বান্দরবানের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৯ সালে এপ্রিল মাসে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের মনজয় পাড়া এলাকায় ইমন বড়ুয়া নিহতের ঘটনায় দীপক বড়ুয়াসহ সাতজনকে আসামি করে একটি হত্যা মামলা করা হয়।

সোহেল কান্তি নাথ/এমবি 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন