চাঁদপুরে শিক্ষার্থীদের ব্যতিক্রমী দেশীয় সবজি উৎসব
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ১৮:০৯
ছবি : বাংলাদেশের খবর
চাঁদপুরে ল্যাবরেটরি স্কুলে শিক্ষার্থীদের একটি ব্যতিক্রমী দেশীয় সবজি উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত আয়োজিত এ উৎসবে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন প্রকার দেশীয় সবজি যেমন- বরবটি, শিম, মটরশুটি, ফুলকপি, ব্রকোলি, কুমড়া, কাঁচা কলা, টমেটো, পেঁপে, বেগুন, শশা, করলা ইত্যাদি সম্পর্কে জানিয়ে এবং এসবের গুণাগুণ তুলে ধরে অপর শিক্ষার্থীদের অবহিত করে।
এ উৎসবের মূল উদ্দেশ্য ছিল শিশুদের দেশীয় সবজি সম্পর্কে সচেতন করা এবং চটকদার খাবার থেকে তাদের দূরে রাখা। এ আয়োজনে শিক্ষার্থীরা শুধু নতুন সবজি চিনতে সক্ষম হয় না বরং এসবের পুষ্টিগুণের ব্যাপারে জানতেও পারে। শিক্ষার্থীরা জানান, এ ধরনের উৎসব তাদের অনেক ভালো লেগেছে এবং এর মাধ্যমে তারা নতুন কিছু শিখেছে।
চাঁদপুর ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ মৃণাল কান্তি দাস বলেন, সুস্থ থাকতে প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণ করা আবশ্যক। অথচ আমাদের শিশুরা দিনে দিনে চটকদার খাবারের প্রতি আকৃষ্ট হয়ে পড়ছে। তারা দেশীয় মাছ, সবজি, ফল খাওয়া থেকে সরে আসছে। দেশীয় এসব খাবারে প্রচুর পরিমাণে ভিটামিন ও ঔষধি গুণাগুণ থাকে। যা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অত্যন্ত প্রয়োজনীয়।
এ সময় চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক মাসুদুর রহমান, লেখক মনিরুজ্জামান বাবলু, কবি ও গল্পকার আশিক বিন রহিম, চাঁদপুর ল্যাবরেটরি স্কুলের সহকারী শিক্ষক বিথি কর্মকার, সুমি শীল, নুসরাত জাহান, তানজিলা আক্তার, পূর্ণিমা দাস, কাকলি দাসসহ শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
আলআমিন ভূঁইয়া/এমবি

