Logo

সারাদেশ

মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের

Icon

মণিরামপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ১৮:৪৩

অ
মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের

যশোরের মণিরামপুরে ট্রাক ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুই জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে যশোর-চুকনগর মেইন সড়কের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। এ সময় মিম খাতুন (২৭) নামে এক নারী আহত হয়েছেন।

নিহতরা হলেন, উপজেলার মুন্সি খানপুর গ্রামের কাপড় ব্যবসায়ী রবিউল ইসলামের স্ত্রী রুপা খাতুন (৩০) ও একই উপজেলার ফেদাইপুর গ্রামের ভ্যানচালক মোসলেম উদ্দিন (৫৭)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে হাসপাতাল গেটের সামনে অবস্থিত ‘জিনিয়া প্যাথলজি’ থেকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার উদ্দেশে একটি শিশুসহ দুই নারী ইঞ্জিন ভ্যানে ওঠেন। চালক যাত্রী নিয়ে ভ্যান ঘোরাতেই কেশবপুরের দিক থেকে আসা পণ্যবোঝাই একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে ভ্যানচালকসহ এক নারী মারা যান। 

মণিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) অমিত দাস বলেন, ‘ভ্যানের দুই যাত্রী সম্পর্কে আপন দুই বোন। তাদের মধ্যে মিম খাতুন গুরুত্বর আহত হয়েছেন। তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে। আর মিমের কোলের শিশুটি ভালো আছে। নিহত দুই জনের লাশ মণিরামপুর হাসপাতালে রয়েছে।’

তিনি আরও বলেন, ‘দুর্ঘটনায় দায়ী ট্রাক আমাদের হেফাজতে আছে। ট্রাক চালককে আটক করা যায়নি।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ আলেক উদ্দিন বলেন, ‘ট্রাকচাপায় ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়েছে। আহত এক নারীকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে। আহত নারীর কোলের শিশুটি ভাল আছে।’

জাহাঙ্গীর আলম/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন