বাউফলে বিধবা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ১৯:৫৫
পটুয়াখালীর বাউফলে এক বিধবার নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের উত্তর শৌলা গ্রামে নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মৃত বিধবার নাম পিয়ারা বেগম (৫৫)। তার বাবার নাম মৃত হাসেম মাতুব্বর।
স্থানীয়রা জানান, পিয়ারা বেগমের কয়েক বছর আগে স্বামী মারা যাওয়ার পর থেকে বাবার বাড়িতে একাই থাকতেন। তার দুই ছেলে ও এক মেয়ে থাকলেও তারা সবাই পরিবার নিয়ে আলাদা বসবাস করছেন। ঘটনার দিন প্রতিবেশীরা সকালে পিয়ারা বেগমকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে তার ঘরের দরজার ফাঁকা অংশ দিয়ে ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর পুলিশে খবর দেওয়া হয়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, খবর পেয়ে পিয়ারা বেগমের লাশ উদ্ধার করে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
আরিফুল ইসলাম সাগর/এমবি

