Logo

সারাদেশ

১৫ জেলে অপহৃত, মুক্তির আবেদন পরিবারের

Icon

বাঘেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ০৭:৫৬

অ
১৫ জেলে অপহৃত, মুক্তির আবেদন পরিবারের

ছবি : বাংলাদেশের খবর

সুন্দরবনের দুবলার চর সংলগ্ন এলাকা থেকে ১৫ জন জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা। তিনদিন পার হলেও এখনো তাদের কোনো সন্ধান মেলেনি। ফলে চরম দুশ্চিন্তায় দিন পার করছে জেলেদের পরিবারগুলো।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে অপহৃত জেলে পরিবারের সদস্য এবং দুবলা ফিশারম্যান গ্রুপের সভাপতি মো. কামাল উদ্দিন আহমেদ তাদের দ্রুত মুক্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে সুন্দরবনকে দস্যুমুক্ত করার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আবেদন করেছেন জেলেরা।

অপহৃতরা হলেন, শাহ আলম, আজাহারুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আরাফাত হোসেন, আলমগীর হোসেন, শাহাজান গাজী, রাসেল, শাহজাহান ঢালী, হাফিজুর রহমান, শাহীনুর আলম, ,মতিয়ার সরদার, খান রফিক, রিপন মোড়ল, নুরে আলম ও নাথন বিশ্বাস। তাদের বাড়ি খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়। তারা দুবলার আলোরকোল চরে সাগরের মাছ শিকার ও শুঁটকি প্রক্রিয়া কাজে নিয়োজিত ছিলেন।

এর আগে রোববার (২৬ জানুয়ারি) দুবলার চর সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ১৫ জেলেকে অপহরণ করে দস্যুরা। এসময় অন্য জেলেদের অপহরণচেষ্টাকালে তিন দস্যুকে মারধর করে আটক করেন তারা। পরবর্তীতে আটক দস্যুদের কোস্টগার্ডের হাতে তুলে দেওয়া হয়। এ ঘটনায় কোস্টগার্ড পশ্চিম জোনের আলোরকোল কন্টিনজেন্ট কমান্ডার (সিসি) মো.  জাহিদুল ইসলাম বাদী হয়ে শরণখোলা থানায় একটি মামলা দায়ের করেছেন।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ জানান, কোস্টগার্ড আমাদের কাছে তিনজন দস্যুকে হস্তান্তর করেছে। এ ঘটনায় মামলা হয়েছে। দস্যুদের আদালতে সোপর্দ করা হয়েছে।

ফিশারম্যান গ্রুপের সভাপতি কামাল উদ্দিন আহমেদ বলেন, মাছ ধরার একটি ট্রলারসহ ১৫ জেলে দস্যুদের হাতে বন্দি। অপহৃতদের পরিবারগুলো দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। জেলেদেরকে অতিদ্রুত ফেরত দেওয়ার দাবি জানান এই মাছ ব্যবসায়ী।  

পূর্ব সুন্দরবন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করিম বলেন, অপহৃত জেলেদের উদ্ধারে কার্যকর ব্যবস্থা নেয়ার জন্য বনরক্ষীদের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বিষয়টি নিয়ে কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করে সমন্বিত অভিযান পরিচালনার উদ্যোগ নেওয়া হব।

শেখ আবু তালেব/এটিআর

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন