Logo

সারাদেশ

২৫ পাখির কণ্ঠে ডাকেন কৃষক জয়নাল

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ১৭:৩১

অ
২৫ পাখির কণ্ঠে ডাকেন কৃষক জয়নাল

ছবি : বাংলাদেশের খবর

ময়না, টিয়া, ঘুঘু, কুকিল, শালিক ও দোয়েলসহ প্রায় ২০ থেকে ২৫ ধরনের পাখির কণ্ঠে ডাক দিতে পারেন জয়নাল আবেদীন নামের এক কৃষক। সেই সাথে তিনি যেকোনো গানের মিউজিক মুখেই বাজাতে পারেন।

কিশোরগঞ্জের ইটনা উপজেলার কিষ্টুপুর গ্রামের কৃষক জয়নাল আবেদীন। তার দৈনন্দিন কাজের ফাঁকে এলাকার শিশু-কিশোর ও বাজারে বিভিন্ন স্টলে ও দোকানে সকল বয়সের মানুষদের নানাভাবে আনন্দ দেন। এজন্য এলাকায় তিনি পাখি জয়নাল হিসেবে পরিচিত।

কৃষক জয়নাল শুধু শিশুদের কাছে আনন্দের মানুষ, এমন নয়। চায়ের দোকান কিংবা বাজারে তাকে দেখলে মানুষ ঘিরে ধরেন। তার সঙ্গে কৌতুক আর খোশগল্পে মেতে উঠেন। বাজারের দোকানিরা বলছেন, জয়নাল আবেদীন যে দোকানে বসেন সেই দোকানেই বেড়ে যায় বেচা-কেনা।

জয়নাল আবেদীন জানান, অনেক দিন ধরে একটি-দুটি করে পাখির ডাক আয়ত্ত করতে করতে আজ প্রায় ২০ থেকে ২৫টি পাখির ডাকসহ বিভিন্ন মিউজিক রপ্ত করেছেন। তিনি বলতে ও গাইতে পারেন কবিতা ও গান। তার এ প্রতিভা দেখতে ও শুনতে দূর দূরান্ত থেকে প্রতিদিন ছুটে আসেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

স্থানীয় চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, জয়নাল আবেদীন একজন সাধারণ কৃষক ও সংস্কৃতিমনা একজন মানুষ। তার এ প্রতিভার মাধ্যমে এলাকায় ও এলাকার বাহিরে বেশ সুনাম অর্জন করেছেন। তিনি একজন কৃষক হলেও তাকে ঘিরে মানুষের অনেক আগ্রহ। তার প্রতিভা সবাইকে মুগ্ধ করে।

আব্দুর রউফ ভূঁইয়া/এমবি 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন