বন্ধুকে দেওয়া এক হাজার টাকা চাওয়ায় বন্ধুর হাতেই খুন
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ২৩:২৫
নিহত সারোয়ার হোসেন /ছবি : বাংলাদেশের খবর
টঙ্গীতে পাওনা টাকা আদায় করতে গিয়ে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক সারোয়ার হোসেন (২৫) গাইবান্ধা জেলার সদর থানার ভাজনের খামার গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি টঙ্গীতে সোহেলের মেসে বসবাস করতেন।
বুধবার (২৯ জানুয়ারি) রাতে টঙ্গীর পাগাড় নরেন্দ্র মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, সারোয়ার নির্মাণ শ্রমিক ছিলেন। কয়েক দিন আগে তার বন্ধু ওমর ফারুককে এক হাজার টাকা ধার দেন। পাওনা টাকা চাইলে ওমর ফারুক তাকে আঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা সারোয়ারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাবেয়া বিনতে রিয়াজ জানান, মরদেহে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছে। আমরা তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছি। সারোয়ার একাই থাকতেন। তার পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে।
সারোয়ারের বন্ধু পাভেল বলেন, আজ আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল। তাই পাওনা টাকা চাইতে গিয়ে ওমর ফারুক সারোয়ারকে ছুরিকাঘাত করেছে। খবর পেয়ে আমরা হাসপাতালে এসেছি। কিন্তু সারোয়ার আর বেঁচে নেই।
- এএস/ওএফ

