Logo

সারাদেশ

৪ দিনেও সন্ধান মেলেনি অপহৃত ১৫ জেলের

দস্যুতা দমনে স্মারকলিপি

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ১২:৫৪

অ
৪ দিনেও সন্ধান মেলেনি অপহৃত ১৫ জেলের

ছবি : সংগৃহীত

অপহরণের চারদিন পার হলেও এখনো উদ্ধার হয়নি সুন্দরবনের দুবলার চর থেকে জলদস্যুদের হাতে অপহৃত ১৫ জেলে। এতে করে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন অপহৃত জেলে পরিবারের লোকজন। 

যদিও কোস্টগার্ড এবং বনবিভাগ জেলেদের উদ্ধারে অভিযান চালাচ্ছে, তবে কারা তাদের অপহরণ করেছে, তা নিশ্চিত করতে পারেনি।

এর আগে, গত রোববার (২৬ জানুয়ারি) রাতে সুন্দরবনের মান্দারবাড়িয়া এলাকা থেকে বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় জলদস্যুরা অস্ত্রের মুখে জিম্মি করে জেলেদের অপহরণ করে নিয়ে যায়। 

অপহৃতরা হলেন, শাহআলম, আজাহারুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আরাফাত হোসেন, আলমগীর হোসেন, শাহাজান গাজী, রাসেল, শাহজাহান ঢালী, হাফিজুর রহমান, শাহীনুর আলম, ,মতিয়ার সরদার, খান রফিক, রিপন মোড়ল, নুরে আলম, ও নাথন বিশ্বাস। তাদের বাড়ি খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়। 

এ ঘটনার ৪দিন পার হলেও এখন পর্যন্ত জেলেরা উদ্ধার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় জেলেপল্লীর বাসিন্দারা। 

দুবলা ফিশারম্যান গ্রুপের সভাপতি মো. কামাল উদ্দিন আহমেদ বলেন, রোববার দুবলার চর সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ১৫ জেলেকে অপহরণ করে জলদস্যুরা। অপহৃত জেলেরা দুবলার আলোরকোল চরে অবস্থান নিয়ে সাগরে মাছ শিকার ও শুঁটকি প্রক্রিয়া কাজে নিয়োজিত ছিলেন। এসময় আরও জেলেদের অপহরণের চেষ্টাকালে তিন দস্যুকে মারধর করে আটক করে জেলেরা। পরবর্তীতে আটকদের কোস্টগার্ডের হাতে তুলে দেওয়া হয়।

তিনি আরও বলেন, জেলেদের উদ্ধার ও দস্যুদমনে দ্রুত অভিযান পরিচালনা জন্য গত মঙ্গলবার (২৮ জানুয়ারি) স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আবেদন করেছে দুবলার চরের ১১ হাজার জেলে। ই-মেইল যোগে এই আবেদন পাঠানো হয়। এছাড়া ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে ৩ ডাকাত সদস্যকে আটক করে কোস্টগার্ডের কাছে হস্তান্তর করে জেলেরা। এসময় ডাকাতদের কাছ থেকে একটি একনলা বন্দুক ও ৩৬টি তাজা গুলি উদ্ধার করা হয়।

আটক ডাকাত সদস্যরা হলো, বাগেরহাটের মোংলা উপজেলার জাহাঙ্গীর শেখ (৫১), খুলনার পাইকগাছা উপজেলার জাহাঙ্গীর মোড়ল ওরফে রহমত (৩৩) এবং সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রবিউল মোল্লা (২৬)। তারা সবাই দয়াল বাহিনীর সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এব্যাপারে পূর্ব সুন্দরবন বিভাগের (বাগেরহাট) বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করিম বলেন, সুন্দবনের দুবলার চরের অপহৃত ১৫ জেলেদের উদ্ধারে কার্যকর ব্যবস্থা নেয়ার জন্য বনরক্ষীদের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া বিষয়টি নিয়ে কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করে সমন্বিত অভিযান পরিচালনার উদ্যোগ নেওয়া হবে।

এটিআর/

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন