বাগেরহাটের মোরেলগঞ্জে ১৮০ মণ জাটকা ইলিশ, ১২ লাখ মিটার কারেন্ট জাল ও দুটি ট্রলারসহ ১০ জেলেকে আটক করা হয়েছে। পরে জরিমানা আদায় করে তাদের ছেড়ে দেওয়া হয়।
এ সময় জাটকা ইলিশ অসচ্ছলদের মধ্যে বিতরণ করা হয় এবং কারেন্ট জাল ধ্বংস করা হয়।
রবিবার (১৭ নভেম্বর) দুপুরে বঙ্গোপসাগর থেকে ফেরার পথে পানগুছি নদীর ছোলমবাড়িয়া এলাকায় ট্রলার দুটি জব্দ করেন কোস্ট গার্ডের সদস্যরা। পরে ট্রলারে তল্লাশি করে ১৮০ মণ জাটকা ইলিশ ও ১২ লাখ মিটার কারেন্ট জাল পাওয়া যায়। এ সময় ট্রলারে থাকা ১০ জেলেকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রনজিৎ কুমার আটক জেলেদের ৫ হাজার টাকা করে ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। একই সাথে কারেন্ট জালগুলো পুড়িয়ে ধ্বংসের পাশাপাশি জাটকা ইলিশগুলো স্থানীয় ১৫টি এতিমখানা ও অসচ্ছল লোকদের মধ্যে বিতরণ করা হয়।
কোস্ট গার্ড কর্মকর্তা মনজুর হোসেন বলেন, ‘আটক জেলেদের ৫ হাজার টাকা করে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে। জাটকাগুলোকে উপজেলা নির্বাহী কর্মকর্তার আদেশে স্থানীয় ১৫টি এতিমখানা ও অসচ্ছল মানুষদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়েছে।’
এটি/এমইউ

