নরসিংদীতে মাজারে হামলা-লুটপাটের প্রতিবাদে মানববন্ধন
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ১৭:৫৫
নরসিংদীতে সুফি দরবার, মাজার ও আখড়ায় হামলা, লুটপাট ও ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়।
বিশ্ব সুফি সংস্থা জেলা শাখা আয়োজিত এ মানববন্ধনে জেলার ৬ উপজেলার সুফি দরবার শরিফ, মাজার ও আখড়ার ভক্তরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা সম্প্রতি নরসিংদী জেলাসহ দেশের বিভিন্ন স্থানে হামলা লুটপাট ও ভাঙচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। নরসিংদীর পলাশ, রায়পুরা, শিবপুর ও মনোহরদীর বিভিন্ন মাজারে হামলায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।
মানববন্ধন শেষে সুফি সাধককূলের প্রতিষ্ঠিত সব দরবার, মাজার, খানকা শরিফ ও আস্তানা শরিফের নিরাপত্তার দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
মানবন্ধনে বক্তব্য দেন, গ্লোবাল সুফি অর্গানাইজেশনের কেন্দ্রীয় সমন্বয়ক সুফি মুখলেসুর রহমানসহ জেলার বিভিন্ন মাজার ও দরবার শরীফ কমিটির, সভাপতি, সাধারণ সম্পাদকসহ খাদেমরা।
সুমন রায়/এমজে

