তরুণ প্রজন্মের নতুন রাজনৈতিক দল থাকা উচিত : সারজিস
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ০৫:০২
ছবি : সংগৃহীত
তরুণ প্রজন্মের রাজনৈতিক দল থাকা উচিত বলে মনে করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।
তিনি বলেন, ‘তরুণ প্রজন্ম ওই খুনি হাসিনার পতন ঘটিয়েছে, তারা রাজনৈতিক দল গঠন করবে কি-না তা দেশের মানুষ ঠিক করবে। তবে আমরা বিশ্বাস করি, তরুণ প্রজন্ম একত্রিত হয়ে একটি নতুন রাজনৈতিক দল থাকা উচিত।’
রোববার (১৮ নভেম্বর) রাতে টাঙ্গাইলের সন্তোষে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সারজিস বলেন, ‘যখন বাংলাদেশে প্রধান রাজনৈতিক দল দুইটার জায়গায় চারটা হবে, তখন রাজনৈতিক দলের মধ্যে মানুষের জন্য কাজ করার যে প্রতিযোগিতা, সেটি বৃদ্ধি পাবে।’
নতুন ও গুরুত্বপূর্ণ আরও রাজনৈতিক দল দরকার উল্লেখ করে তিনি বলেন, ‘একদল আরেক দলকে প্রতিপক্ষ মনে করা, নিজেদের মধ্যে নেগোসিয়েশন করা, কিংবা ডিল করে একবার এ ক্ষমতায় আসবে, আরেকবার ও ক্ষমতায় আসবে। এই চর্চা থেকে বের হয়ে আসার জন্যও আমাদের বাংলাদেশে নতুন এবং গুরুত্বপূর্ণ আরও রাজনৈতিক দল দরকার।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মানুষ যদি সমর্থন জানায়, তাহলে ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে একটি রাজনৈতিক দল গঠন করবে। তাহলে অব্যশই বাংলাদেশে আবার নতুন রাজনৈতিক দল খুব দ্রুতই দেখা যাবে।’
সারজিস বলেন, ‘যে খুনি হাসিনার পতন রাজনৈতিকভাবে হওয়া দরকার ছিল, সেই খুনি হাসিনার পতন হয়েছে ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে।’
সারজিস আরও বলেন, ‘অভ্যুত্থানকে বাঁচিয়ে রাখার জন্য আমাদেরকে একটি প্লাটফর্মে এসে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। এই জায়গা থেকে জাতীয় নাগরিক কমিটি নাগরিকদের গোছানোর কাজটি পুরো বাংলাদেশব্যাপী করছে।’
তিনি বলেন, ‘আমাদের জীবনের প্রত্যেকটা জায়গায় ঠিক এভাবেই আমাদের লাল মওলানাকে আগামীর বাংলাদেশের অন্যতম একজন আইকন হিসেবে রেখে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।’
ডিআর/এমইউ

