Logo

সারাদেশ

ছুরিকাঘাতে স্ত্রী নিহতের ১৫ দিন পর শাশুড়ির মৃত্যু, ঘাতক গ্রেপ্তার

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ১৩:১২

অ
ছুরিকাঘাতে স্ত্রী নিহতের ১৫ দিন পর শাশুড়ির মৃত্যু, ঘাতক গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়ায় স্ত্রীকে ছুরিকাঘাত করে হত্যার ১৫ দিন পর এবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত শাশুড়ি পারভীন আক্তারও (৩৮) মারা গেছেন। শুক্রবার ভোর ৫টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ।

পারভীন আক্তার চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মজিদিয়া মাদ্রাসা পাড়ার ব্যবসায়ী আবদুল হামিদের স্ত্রী। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে

গত ১৭ জানুয়ারি দুপুরে জুমার নামাজের সময় বাড়িতে পুরুষ না থাকার সুযোগে বখাটে স্বামী মেহেদী হাসান শ্বশুর বাড়িতে এসে তার স্ত্রী হাফসা ও শাশুড়িকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাফসাকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত হাফসার মা পারভীন আক্তারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পারভীন আক্তার মারা যান।

একইদিন ঘাতক মেহেদী হাসানকে পার্বত্য লামা থানা পুলিশের সহায়তায় লামা বাজার থেকে গ্রেপ্তার করে চকরিয়া থানা পুলিশ। এই ঘটনায় ৫ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন হাফসার বাবা আবদুল হামিদ।

চকরিয়া থানার ওসি (তদন্ত) মো. ইয়াসিন মিয়া বলেন, ছুরিকাঘাতে আহত পারভীন আক্তার মারা যাওয়ার বিষয়টি শুনেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, সম্প্রতি ফাঁসিয়াখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকার মেহেদী হাসানের সাথে হাফসার বিয়ে হয়। প্রেমের সম্পর্কের বিয়ে হওয়ায় উভয় পরিবার প্রথমে মেনে না নিলেও পরে মেনে নেয়। এক পর্যায়ে যৌতুকের জন্য স্ত্রীকে চাপ দেয় শ্বশুর বাড়ির লোকেরা। এ ঘটনায় স্ত্রী হাফসা তার বাবার বাড়িতে চলে যায়। বৃহস্পতিবার মেহেদী হাসান তাকে নিতে শ্বশুরবাড়িতে যায়। কিন্তু বাবা তার মেয়েকে স্বামীর হাতে তুলে দেননি। 

পরে শুক্রবার জুমার নামাজের সময় অতর্কিত এসে মেহেদী হাসান স্ত্রী হাফসা ও তার মা পারভীন আক্তারকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

টিএ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন