Logo

সারাদেশ

আধিপত্য বিস্তারের জেরে অন্তঃসত্ত্বা নারী গুলিবিদ্ধ

Icon

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ১৭:৫৬

অ
আধিপত্য বিস্তারের জেরে অন্তঃসত্ত্বা নারী গুলিবিদ্ধ

ছবি : বাংলাদেশের খবর

মুন্সীগঞ্জ সদরে একাধিক ডাকাতি মামলার আসামি কিবরিয়া মিজি ও কানা জহিরের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিতে অন্তঃসত্ত্বা নারী আহত হয়েছেন।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আধারা ইউনিয়নের কালিরচর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত নারীর স্বজনরা জানান, বৃহস্পতিবার মেঘনা নদীতে গোলাগুলিতে দুইজন নিহতের ঘটনার জের ধরে সকালে কিবরিয়া পক্ষের রাজু সরকারের বাড়িতে হামলা চালায় কানা জহিরের ভাই শাহিন বেপারি ও তার লোকজন।

এ সময় অতর্কিত গুলিতে আহত হন অন্তঃসত্ত্বা নারী। আহত অবস্থায় ৯ মাসের অন্তঃসত্ত্বা পিংকি আক্তারকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শৈবাল বসাক জানান, শরীরের ডান পাশে কোমরের নিচে গুলি ঢুকে অপর পাশ থেকে বের হয়ে যায়। বর্তমানে ওই নারী আশঙ্কামুক্ত বলে জানান তিনি।

মুন্সীগঞ্জ পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার জানান, আইনশৃঙ্খলা রক্ষায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে মেঘনা নদীতে কিবরিয়া মিজি ও কানা জহির দস্যুদলের সংঘর্ষে নিহত হন মুন্সিগঞ্জের কালিরচর ও চাঁদপুরের মতলব এলাকার দুইজন।

আবু সাইদ/এমবি 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন