দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে আগুন
জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ১৮:৫৩
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি। তবে কয়েকটি বেড ও অক্সিজেনের লাইন পুড়ে গেছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৫ টার দিকে হাসপাতালের চতুর্থ তলায় পুরুষ মেডিসিন ওয়ার্ডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দিনাজপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের পরিদর্শক আব্দুল মালেক বাংলাদেশের খবরকে বলেন, খবর পেয়ে দিনাজপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। যে কক্ষে আগুন লেগেছিল সেটি ইউনিট ওয়ান (সাদা)। সেখানে ২১ রোগী ছিল। তারা নিরাপদে রয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের পঞ্চম তলার নির্মাণ কাজ চলছে। শুক্রবার বিকেলে দরজা জানালার গ্রিলের কাজ করার সময় আগুনের কয়েকটি স্ফুলিঙ্গ ছিটকে চতুর্থতলার বারান্দায় পড়ে। এতে বারান্দায় পড়ে থাকা ফোমসহ পরিত্যক্ত কিছু জিনিসপত্রে আগুন ধরে যায়। আগুন দ্রুত চতুর্থ তলায় পুরুষ মেডিসিন ওয়ার্ডে ছড়িয়ে পড়ে। এতে রোগী ও তাদের স্বজনরা আতঙ্কিত হয়ে দিগ্বিদিক ছুটোছুটি করে। পুরো ওয়ার্ড আগুনের ধোয়ায় ছেয়ে যায়।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা জাহাঙ্গীর আলম অগ্নিকাণ্ডের ঘটনাটি নিশ্চিত করে জানান, আগুনে কেউ হতাহত হয়নি ও তেমন কোনো ক্ষতি হয়নি।
রহমত আল আকাশ/ওএফ/এমবি

