Logo

সারাদেশ

ঘন কুয়াশায় লঞ্চ-ফেরি বন্ধ, ঝুঁকি নিয়েই ট্রলারে পারাপার

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৯

অ
ঘন কুয়াশায় লঞ্চ-ফেরি বন্ধ, ঝুঁকি নিয়েই ট্রলারে পারাপার

ছবি : সংগৃহীত

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে লঞ্চ এবং ফেরি চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে দুর্ঘটনা এড়াতে এই রুটে লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। 

তবে লঞ্চ-ফেরি বন্ধ থাকলেও অনেকে ঝুঁকি নিয়ে ট্রলারে যাত্রী এবং মোটরসাইকেল পারাপার করছে।

সরেজমিনে দৌলতদিয়া ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, শুক্রবার রাত থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে কয়েকজন ঝুঁকি নিয়ে ইঞ্জিনচালিত ট্রলারে যাত্রী পারাপার করছেন। এসময় ঘাট এলাকায় নৌ পুলিশের কোনো সদস্যদেরও দেখা মেলেনি। 

ঘাট সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঘন কুয়াশায় ফেরি ও লঞ্চ বন্ধ থাকায় সুযোগ নিচ্ছে ঘাটের সুবিধাভোগী চক্র। তারা বাড়তি টাকা নিয়ে ইঞ্জিনচালিত ট্রলারে যাত্রী ও মোটরসাইকেল পারাপার করছে। চার কিলোমিটার নদীপথ পাড়ি দিতে যাত্রীদের কাছ থেকে জনপ্রতি ১০০-২০০ টাকা এবং মোটরসাইকেল পারাপারে ৪০০ থেকে ৫০০ টাকা করে আদায় করা হচ্ছে। কখনো কখনো এর চেয়ে বেশি ভাড়া নেওয়া হচ্ছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, ‘কুয়াশায় ফেরি বন্ধ থাকলেও মাঝেমধ্যে ট্রলার ভিড়িয়ে যাত্রী ওঠানামা করতে দেখা যায়। এতে ফেরির ধাক্কায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা আছে। স্থানীয় নৌ-পুলিশকে এ বিষয়ে একাধিকবার জানানো হয়েছে। এছাড়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (ওসি) এনামুল হক বলেন, ‘কুয়াশায় ইঞ্জিনচালিত ট্রলারে যাত্রী পারাপারে নিষেধাজ্ঞা আছে। এরপরও যাত্রী পারাপারের কথা শুনে গত সপ্তাহে একাধিক অভিযান চালিয়েছি। পুলিশ পৌঁছানোর আগেই ওরা সটকে পড়ছে। জড়িত ব্যক্তিদের তালিকা তৈরি করে ব্যবস্থা নেওয়া হবে।’


ডিআর/এটিআর

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন