শাহপরীর দ্বীপ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ০৯:৪৬
ছবি : সংগৃহীত
কক্সবাজারের শাহপরীর দ্বীপ থেকে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্ট গার্ড।
সোমবার (১৮ নভেম্বর) দুপুরে সংস্থাটির সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে কক্সবাজারের টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপ সংলগ্ন সাবরাং খুরের মুখ সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের অধীনস্থ বিসিজি আউটপোস্ট-শাহপরী অভিযানটি পরিচালনা করে।
তিনি জানান, এ সময় একটি বোট থেকে বস্তায় মোড়ানো অন্তত ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে এবং সেগুলো টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ডিআর/বিএইচ

