Logo

সারাদেশ

আশুলিয়া আন্দোলনে নিহত ৪ জনের মরদেহ উত্তোলন

Icon

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫১

অ
আশুলিয়া আন্দোলনে নিহত ৪ জনের মরদেহ উত্তোলন

সাভারের আশুলিয়ায় ছাত্র-জনতার আন্দোলনে নিহত চারজনের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশক্রমে তাদের মরদেহ উত্তোলন করা হয়। 

শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বেলা ১১টার দিকে আশুলিয়ার দক্ষিণ বাইপাইল চারালপাড়া এলাকার একটি কবরস্থান থেকে জাহিদুল ইসলাম সাগর নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে দুপুর ১টার দিকে আশুলিয়ার ভাদাইল পবনারটেক কবরস্থান থেকে আশরাফুল ইসলাম নামে আরেকজনের মরদেহ উত্তোলন করা হয়।

এদিকে দুপুর আড়াইটার দিকে আশুলিয়ার উত্তর গাজীরচট এলাকার আমবাগান কবরস্থানে দাফনকৃত আবুল হোসেনসহ অজ্ঞাত আরেকজনের মরদেহ উত্তোলন করা হয়।

পুলিশ আরও জানায়, নিহত চারজনের শতভাগ পরিচয় শনাক্তে ও মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে কবর থেকে মরদেহগুলো উত্তোলন করা হয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিক জানান, ছাত্র-জনতার আন্দোলনের সময় আশুলিয়াতে গুলিতে যারা নিহত হয়েছেন তাদের মধ্যে বেশ কয়েকজনের সুরতহাল ও ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে। এদের মধ্যে অনেকের স্বজন থানায় ও আদালতে হত্যা মামলা দায়ের করেছেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ও নিহতের পরিচয় শনাক্তে আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহগুলো কবর থেকে উত্তোলন করা হচ্ছে। 

আশুলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তারের নেতৃত্বে থানা পুলিশের সদস্যরা এই কার্যক্রম পরিচালনা করেন।

  • হাসান ভুঁইয়া/ওএফ
Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন