নারী আসামিকে ধরতে গিয়ে মার খেল পুলিশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০৭
গাজীপুরের শ্রীপুরে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বেদজুরি পুরান বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ওই থানার উপপরিদর্শকসহ তিন পুলিশ সদস্য আহত হন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিআর মামলা নং ৮০৮/২৪ এনআই অ্যাক্ট (১৩৮) ধারার মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ধরতে শনিবার দুপুরে বেদজুরি পুরান বাজার এলাকায় যায় শ্রীপুর থানা পুলিশের একটি দল। এ সময় আসামি দেলোয়ার হোসেনের স্ত্রী মনিকাকে আটক করা হয়। পরে সিএনজি দিয়ে থানায় নিয়ে আসার পথে পুলিশের ওপর হামলা চালায় আসামির স্বজনরা।
পুলিশের উপর হামলাকারীরা হলেন, উপজেলার বেদজুরি পুরান বাজার এলাকার কাসুম আলীর ছেলে সাইদ (৪৫), দেলোয়ার (৪০), আনোয়ার (৩৫) ও একই এলাকার সুলাইমানের ছেলে রোকনসহ (৪০) অজ্ঞাত আরও ১০/১২ জন।
এ ঘটনায় আসামির স্বজনরা পুলিশের ওপর হামলার পর তাদের ব্যবহৃত সিএনজিতে ভাঙচুর চালিয়েছেন। এরপর আসামিকে ছিনিয়ে নেন। এতে এসআই মিজানুর রহমানসহ তিন পুলিশ সদস্য আহত হন।
সংবাদ পেয়ে পুলিশের একাধিক দল ঘটনাস্থল থেকে এসআই মিজানুর রহমানসহ তিন পুলিশ সদস্যকে উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, ‘সিআর মামলা নং ৮০৮/২৪ এন আই অ্যাক্ট (১৩৮) ধারার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক নারী আসামি ধরতে আমরা তিন পুলিশ সদস্য বেদজুরি পুরান বাজার এলাকায় যাই। সেখানে গিয়ে আসামিকে গ্রেপ্তার করে সিএনজি দিয়ে থানায় নিয়ে আসার পথে আসামির স্বজনরা হামলা চালায়। এ সময় আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে। এরপর সিএনজিসহ আমাদের ওপর হামলা চালায়।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, ‘সিআর মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক নারী আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে শ্রীপুর থানা পুলিশ। সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
আতাউর রহমান সোহেল/এমজে

