মুন্সীগঞ্জে বিএনপির আহ্বায়ক কমিটি গঠন
টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৪৩
মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আগের ৫৮ সদস্যের আহ্বায়ক কমিটি ভেঙে সাত সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।
শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে নতুন কমিটি অনুমোদন দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
নতুন কমিটিতে সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহাকে আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন আহম্মেদকে সদস্যসচিব করা হয়েছে।
এ ছাড়াও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি মো.আব্দুল্লাহ, শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম মৃধা, যুবদলের সাবেক নেতা আব্দুল বাতেন শামীম, গজারিয়া উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ ও টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন দোলনকে নতুন কমিটির সদস্য করা হয়েছে।
এর আগে ২০২১ সালের ২৫ আগস্ট সাবেক এমপি মো. আব্দুল হাইকে আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতনকে সদস্যসচিব করে ৫৮ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল।
জেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হাই দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় পুরোনো কমিটি ভেঙে নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।
নাজমুল ইসলাম পিন্টু/এমজে

