Logo

সারাদেশ

‘এপ্রিলে জাতীয় নির্বাচন সম্ভব’

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ১১:৫০

অ
‘এপ্রিলে জাতীয় নির্বাচন সম্ভব’

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন হাফিজ উদ্দিন আহমেদ | ছবি : বাংলাদেশের খবর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার চাইলে আগামী এপ্রিলের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব। তার আশা- সরকার দ্রুত প্রয়োজনীয় নির্বাচন সংক্রান্ত সংস্কার সম্পন্ন করবে।

সোমবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল সাইবার ট্রাইব্যুনাল আদালতে একটি মামলায় হাজিরা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।

এ সময় হাফিজ উদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন দেওয়া। আমরা বিভিন্ন মহল থেকে নানা কথা শুনছি, তবে নির্বাচন কেন্দ্রিক আলোচনা খুবই কম। বিএনপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল যুক্তিযুক্ত সময়ের মধ্যে নির্বাচন চায়।

তিনি আরও বলেন, নির্বাচিত সরকার ছাড়া যত জ্ঞানীগুণী লোকের সরকারই আসুক, তারা দুর্বল। প্রফেসর ইউনূসকে বিএনপি ইতোমধ্যে সমর্থন দিয়েছে এবং ভবিষ্যতেও সমর্থন দেবে। তবে আমরা আশা করি, তিনি যেন নানাজনের কথায় প্রভাবিত না হন।

আওয়ামী লীগের সমালোচনা করে হাফিজ উদ্দিন আরও বলেন, দেশে যেসব সংস্কার দরকার, তা অন্তর্বর্তীকালীন সরকার করলে যুক্তিযুক্ত হবে। তবে এটি জনগণের নির্বাচিত সরকারের মাধ্যমে করা হলে আরও ভালো হবে।

বরিশাল সাইবার ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার চার্জ গঠনের তারিখ ছিল সোমবার। হাজিরা দিতে গেলে আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সাইবার ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. গোলাম ফারুক তাকে মামলা থেকে অব্যাহতি দেন। এ মামলায় মোট আসামি ছিলেন দুজন।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ভোলার বদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হক মামলাটি করেন।

বিএইচ/

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন