জলবায়ু সুবিচারের দাবিতে সাতক্ষীরায় পদযাত্রা
জেলা প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ১২:৪৯
ছবি : বাংলাদেশের খবর
জলবায়ু সুবিচারের দাবিতে সাতক্ষীরা জেলা সদরে পদযাত্রা অনুষ্ঠিত। সোমবার (১৮ নভেম্বর) বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডিজেনাস নলেজ (বারসিক) এবং শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম এ পদযাত্রার আয়োজন করে। এদিন সকালে সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রাটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট মোড়ে গিয়ে শেষ হয়।
পদযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ‘বিশ্বের উন্নত দেশগুলো অতীতে কার্বন নিঃসরণ কমিয়ে ক্ষতিপূরণ দেওয়ার নানা প্রতিশ্রুতি দিলেও তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করেনি। বৈশ্বিক উষ্ণতা প্রতিরোধে তাদের কার্বন নিঃসরণ কমাতে হবে। একই সাথে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দিতে হবে।’
বক্তারা আরও বলেন, ‘জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে উদ্বাস্তু হচ্ছে লাখ লাখ মানুষ। জনজীবনে সংকট প্রকট হচ্ছে। জীবন-প্রকৃতি, মাটি, পানি, স্বাস্থ্য ও কৃষিসহ সুন্দরবনে বৈরী অবস্থার সৃষ্টি হয়েছে। বিশ্বের ধনী দেশগুলোকে অবশ্যই এর দায় নিতে হবে।’
এসময় বিশ্বনেতাদের প্রতি অবিলম্বে জলবায়ু তহবিল গঠনের দাবিও জানানো হয়।
সমাবেশে বক্তব্য পেশ করেন, নাগরিকনেতা অধ্যাপক পবিত্র মোহন দাস, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, উদীচীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, নাগরিকনেতা আলী নুর খান বাবুল, ভূমিহীননেতা আব্দুস সামাদ, বৈচিত্র্য রক্ষা টিমের সদস্য শাহনাজ পারভীন, জয় সরদার ও বারসিক কর্মকর্তা গাজী মাহিদা মিজান প্রমুখ।
এএস/এটিআর

