সরকারি টাকায় তৈরি ব্যক্তিগত পার্ক উচ্ছেদ
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ১৩:১৪
ছবি : প্রতিনিধি
লালমনিরহাট-বুড়িমারী রেলরুটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার রেলওয়ে স্টেশনের পাশে প্রায় ৭০ শতাংশ জায়গা অবৈধভাবে দখল করে সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছেলে রাকিবুজ্জামান আহমেদ একটি ব্যক্তিগত বিনোদন পার্ক তৈরি করেন। রেলওয়ে কর্তৃপক্ষ অবশেষে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে।
এর আগে গতবছর অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা ওই জায়গায় দুইবার অভিযানে গিয়ে ফিরে আসেন। সাবেক মন্ত্রীর প্রভাবে উচ্ছেদ অভিযান বাধা হয়ে দাঁড়ায়।
সোমবার (১৮ নভেম্বর) সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ওই উচ্ছেদ অভিযান। একই অভিযানে রেলের ৫ শতাংশ জমির উপর নির্মিত আওয়ামী লীগ পার্টি অফিস এবং সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ভাই ভুট্টুর দখল করা ৩৭ শতাংশ জমিও উদ্ধার করে রেল।
লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কালীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ পুত্র রাকিবুজ্জামান আহমেদ দলীয় প্রভাব খাটিয়ে অবৈধভাবে প্রায় ৭০ শতাংশ জায়গা দখল করে দৃষ্টিনন্দন বিনোদন পার্ক তৈরি করেন।
রেলওয়ের জায়গার ওপর অবৈধভাবে এ স্থাপনাটি গড়ে তুলতে রাকিবুজ্জামান জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তর থেকে ভিন্ন নামে ২০টি প্রকল্পের মাধ্যমে দেড় কোটি টাকাও তুলেছেন। সরকারি টাকায় তিনি ব্যক্তিগত ওই ব্যক্তিগত পার্ক তৈরি করেছেন নিজের বিনোদনের জন্য। যেখানে জনসাধারণের প্রবেশ নিষেধ ছিল।
গত ৫ আগস্ট গণ-আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর থেকে নুরুজ্জামান আহমেদ ও রাকিবুজ্জামান পলাতক আছেন। তাদের দুজনের বিরুদ্ধেই পৃথক হত্যা মামলা হয়েছে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, ২০২২ সালের এপ্রিল মাস পর্যন্ত তুষভান্ডার রেলওয়ে স্টেশনের পাশে দরিদ্ররা বসবাস করতেন এবং সেখানে অস্থায়ী দোকানপাটও বসত। পরে রাকিবুজ্জামান এসব দোকানপাট উঠিয়ে দিয়ে জায়গাটি দখল করে প্রথমে টিন দিয়ে ঘিরে ফেলেন, পরে ইটের প্রাচীর তুলে সেখানে একটি পার্ক ও আওয়ামী লীগ অফিস তৈরি করেন। ভেতরে একটি পুকুর খনন করে তার চারপাশে সড়ক তৈরি করা হয়, এবং সেখানে বসানো হয় চেয়ার-টেবিল। রাকিবুজ্জামান সেখানে মাঝেমধ্যে বন্ধুদের নিয়ে আড্ডা দিতেন সেখানে।
রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় ভূসম্পত্তি কার্যালয় সূত্রে জানা যায়, রেলওয়ের জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের শুরুতেই সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে চিঠি দিয়ে কাজ বন্ধ রাখতে বলা হয়েছিল। কিন্তু তিনি এর তোয়াক্কা করেননি।
নুরুজ্জামান আহমেদ ২০১৬ সালে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এবং ২০১৯ সালে সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পান। ২০২৪ সালের মন্ত্রিসভায় তিনি বাদ পড়েন। তিনি ২০১৪ সাল থেকে লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনের সংসদ সদস্য ছিলেন।
জানতে চাইলে রেলওয়ের বিভাগীয় সহকারী ভূসম্পত্তি কর্মকর্তা (ডিইও) আব্দুর রাজ্জাক বলেন, রেলওয়ের জায়গার ওপর গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। এছাড়া পাশের গোডাউন, আওয়ামী লীগ অফিস উচ্ছেদ করা হয়। এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
পলাতক থাকায় বিষয়টি নিয়ে নুরুজ্জামান আহমেদ ও রাকিবুজ্জামান আহমেদের সঙ্গে কথা বলার সুযোগ হয়নি।
এসকেএস/এমএইচএস

