গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকা থেকে এক ভুয়া পুলিশকে আটক করে থানায় সোপর্দ করেছেন স্থানীয়রা। আটক ওই ব্যক্তির নাম মশিউর রহমান (২৯)।
রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চান্দরাস্থ ওয়ালটন কারখানার সামনে মহাসড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওয়ালটন কারখানার সামনের মহাসড়কে একটি অটোরিকশা থামান ছিনতাইকারী মশিউর রহমান। এ সময় তিনি নিজেকে পুলিশ পরিচয় দিয়ে রিকশায় থাকা এক নারী যাত্রী ও চালকের কাছ থেকে টাকা ছিনিয়ে নেন। এতে রিকশাচালক কান্না শুরু করলে স্থানীয়রা ছুটে এসে তাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
এ বিষয়ে কালিয়াকৈর থানার এসআই আব্বাস জানান, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
দেলোয়ার হোসেন/এমবি

