ছবি : সংগৃহীত
সিলেটের কানাইঘাট উপজেলায় বন্ধুর হাতে এক ছাত্রদল নেতা খুন হয়েছেন। সোমবার (১৮ নভেম্বর) বিকালে কানাইঘাট পৌরসদরে এ ঘটনা ঘটে। নিহত মো. আব্দুল মুমিন (২৮) কানাইঘাট পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও পৌরসদরের ধনপুর গ্রামের তাজ উদ্দিনের ছেলে।
অভিযুক্ত বন্ধু রাজু আহমদ পৌরসদরের দুর্লভপুর গ্রামের মৃত জাফর মিয়ার ছেলে। তিনিও ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মুমিন ও রাজুর মধ্যে বন্ধুত্ব ছিল। কিছুদিন আগে তাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। পূর্ব বিরোধের জের ধরে গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে পৌরসদরে পয়েন্টে তাদের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে রাজু ক্ষুর দিয়ে মুমিনের পেটে আঘাত করেন। এসময় পথচারীরা এগিয়ে এলো রাজু পালিয়ে যান। পরে মুমিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল বলেন- ময়না তদন্তের জন্য লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। অভিযুক্ত যুবককে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
আরএইচ/এমএইচএস

