টাঙ্গাইলের মধুপুরে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোরে সকালে টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর মহাসড়কের মালাউড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবীর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, আজ ভোরের দিকে একটি মিনি ট্রাক ঢাকার দিক থেকে মধুপুরের দিকে আসছিল। এমন সময় ধনবাড়ী থেকে ছেড়ে আসা বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। মালাউড়ী প্রাইমারি স্কুলের সামনে পৌঁছলে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।
এমরানুল কবীর বলেন, এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানে থাকা দুইজন মারা যায়। খবর পেয়ে মধুপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আর গুরুতর আহত দুজনকে চিকিৎসার জন্য মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, নিহতরা সবাই জামালপুরের ইসলামপুর উপজেলার বাসিন্দা। নিহতদের মধ্যে পিকআপের চালক ও তার সহকারী রয়েছেন বলে জানা গেছে। যাত্রীবাহী বাস আটক করে থানা আনা হয়েছে।
হাফিজুর রহমান/ওএফ

