নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১০ নেতা গ্রেপ্তার
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৪৭
ছবি : বাংলাদেশের খবর
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ১০ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলা কাঞ্চন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- মাধবদী থানা ছাত্রলীগের সভাপতি মাহবুব হোসেন মনির (২৮), শিবপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ফাজায়েল ভূঁইয়া রয়েল (২৫), পলাশ উপজেলার জিনারদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তারেক আকন্দ (২৮), পলাশ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ (৩০), পলাশ শিল্পাঞ্চল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান (২৫), বেলাব উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌফিক ভূঁইয়া (২৮), পলাশ থানা ছাত্রলীগের সদস্য মো. রাজু মিয়া (৩১), মো. আমিনুল ইসলাম (২৬), শিবপুর থানা ছাত্রলীগের সদস্য মো. ফরহাদ আফরাদ (১৮), মনোহরদী থানা ছাত্রলীগের সদস্য মো. জাহিদ মোল্লা (২৪)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে রূপগঞ্জের কাঞ্চন এলাকায় অভিযান চালায় নরসিংদী মডেল থানা পুলিশ। এ সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নরসিংদী জেলার বিভিন্ন শাখার ১০ নেতাকে আটক করা হয়। পরে তাদের সেখান থেকে নরসিংদী মডেল থানায় নিয়ে আসা হয়।
গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে ‘ভ্যাট বৃদ্ধি বন্ধ কর, ইউনুস তুই পদত্যাগ কর’, ‘ইউনুস তুই তওবা কর, জনগণের পায়ে ধর’, যাতে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত নেতাকর্মীদের ছবি সম্বলিত ব্যানার এবং প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস, আইন উপদেষ্টা আসিফ নজরুল, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ছবি সম্বলিত কাগজের মুখোশ পাওয়া যায়।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, গত মাসের ৫ তারিখে নরসিংদী মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়। সেই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে বিকেলে নরসিংদী আদালতে পাঠানো হয়েছে। আদালতে তাদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।
সুমন রায়/এমবি

