ছাত্র-জনতা হত্যা মামলায় আ.লীগ নেতা বাচ্চু কারাগারে
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২২:০৭
ফেনীতে ছাত্র-জনতা হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি জেলা আওয়ামী লীগের সহ কোষাধক্ষ বোরহান উদ্দিন বাচ্চুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ সিরাজ উদ্দৌলা কুতুবী।
সোমবার (৩ ফেব্রুয়ারি) ফেনীর নিম্ন আদালতে হাজির হলে আদালত আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে তিনি উচ্চ আদালত থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল মর্মে জালিয়াতির মাধ্যমে চিকিৎসা সনদ তৈরি করে হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নেয়। একই সাথে জেলা ও দায়রা জজ আদালত ওই চিকিৎসা সনদ জালিয়াতির বিষয়টি তদন্ত করে আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।
ফেনী জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূইয়া জানান, ছাত্র-জনতা হত্যা মামলার আসামি বোরহান উদ্দিন বাচ্চু আগাম জামিন শেষে ফেনীর নিম্ন আদালত হাজির হন। পরে জামিন আবেদন করলে বিচারিক হাকিম তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ফেনী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেছবাহ উদ্দিন ভূঁইয়া জানায়, আসামি বোরহান উদ্দিন বাচ্চু ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন ছিল মর্মে জালিয়াতির মাধ্যমে চিকিৎসা সনদ তৈরি করে হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নেন। জেলা ও দায়রা জজ আদালত ওই চিকিৎসা সনদ জালিয়াতির বিষয়টি তদন্ত করে আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।
উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনে ৪ আগস্ট ফেনীতে টমটম চালক জাফর হত্যা মামলায় এজাহার ভুক্ত আসামি বোরহান উদ্দিন বাচ্চু।
এমরান পাটোয়ারী/এমবি

