নওগাঁয় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত রাসেলের বাড়িতে হামলা
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০২
নওগাঁর মান্দা উপজেলার কশব ইউনিয়নের বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শহীদ রাসেল হোসেনের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। রোববার রাতে ও সোমবার সকালে হামলা চালানো হয়।
এ ঘটনায় নিহত শহীদ রাসেল হোসেনের বাবা পিন্টু রহমান মান্দা থানায় একটি অভিযোগ দায়ের করেন। হামলার পর থেকে রাসেলের পরিবারে আতঙ্ক বিরাজ করছে।
নিহত শহীদ রাসেলের বাবা মো. পিন্টু রহমান জানান, পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের প্রতিবেশী রফাতুল্যা মন্ডলসহ তার সন্ত্রাসী বাহিনীরা দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে বাড়িতে দুই দফায় হামলা চালায়।
এ বিষয়ে অভিযুক্ত রফাতুল্লাহ মন্ডলের সাথে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফলে তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনছুর রহমান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ রাসেলের বাসায় রোববার রাতে ও সোমবার সকালে হামলা চালায় অভিযুক্তরা। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।
- এম এ রাজ্জাক/ওএফ

