Logo

সারাদেশ

নরসিংদীতে মা-মেয়েকে কুপিয়ে হতাহতের ঘটনায় গ্রেপ্তার ৪

Icon

জেলা প্রতিনিধি, নরসিংদী

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১৭

অ
নরসিংদীতে মা-মেয়েকে কুপিয়ে হতাহতের ঘটনায় গ্রেপ্তার ৪

নরসিংদীর শেখেরচরে ঘরে ঢুকে সুমনা আক্তার তিথি (১৩) নামে এক কিশোরীকে হত্যা ও মাকে আহতের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় লুট হওয়া ১০ লাখ ১ হাজার টাকা উদ্ধারসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নরসিংদীর পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান।

এর আগে গত কয়েকদিনে নরসিংদীসহ দেশের ৫ জেলায় অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলো- ফরিদপুর জেলার পাঁচই এলাকার বাসিন্দা ও শেখেরচর এলাকার ভাড়াটিয়া মো. রমজান শেখ ওরফে লিমন (২২), তার ভাই হাসিবুর রহমান শান্ত (৩১), নেত্রকোনার গন্ডা এলাকার বাসিন্দা ও শেখেরচর এলাকার ভাড়াটিয়া মো. কাউছার মিয়া (২০) ও নাটোর জেলার চর গোয়াশ এলাকার বাসিন্দা ও শেখেরচর এলাকার ভাড়াটিয়া মো. ইমন আলী (২১)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান জানান, পূর্ব পরিকল্পিতভাবে বিদেশ হতে পাঠানো বাসায় রাখা মোটা অংকের টাকা লুট করতে শেখেরচর এলাকার মোফাজ্জল হোসেনের বাড়িতে ঢুকে গ্রেপ্তারকৃতরা। এ সময় ৭ বছরের প্রতিবন্ধী শিশু সন্তানকে বাথরুমে আটকে রাখে তারা। পরে বাসায় থাকা টাকা লুট করার সময় বাধা দিলে গৃহবধু আসমা বেগম ও মেয়ে চতুর্থ শ্রেণির ছাত্রী তিথিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে তিথীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর আহত মা আসমা বেগম ঢাকার একটি হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় এখনো চিকিৎসাধীন।

এ ঘটনার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় নরসিংদী, ফরিদপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ঢাকা ও বরিশালে অভিযান চালিয়ে জড়িতদের গ্রেপ্তার ও লুট হওয়া ১০ লাখ ১ হাজার টাকা উদ্ধার করে পিবিআই। আদালতে দেওয়া জবানবন্দীতে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানান পুলিশ সুপার।

উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি শেখেরচরে রাত সাড়ে ১০টার দিকে গৃহকর্তা মোফাজ্জল হোসেন ঘরে ঢুকে স্ত্রী ও সন্তানকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে তিথীকে মৃত ঘোষণা করে চিকিৎসক এবং তার মা আসমা বেগমকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে প্রেরণ করে।

  • সুমন রায়/ওএফ
Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন