চাঁদপুরে অর্থ আত্মসাৎ : ক্যাশ অফিসারের বিরুদ্ধে দুদকের মামলা
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৫
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অগ্রণী ব্যাংক পিএলসি ছেংগারচর বাজার শাখার ৭৫ লাখ ২০ হাজার টাকা আত্মসাতের ঘটনায় মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (৩ ফেব্রুয়ারি) দুদক চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আজগর হোসেন বাদী হয়ে ব্যাংকের অফিসার (ক্যাশ) দীপঙ্কর ঘোষকে আসামি করে মামলাটি করেন।
মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ২৯ আগস্ট দীপঙ্কর ঘোষ অফিসে অনুপস্থিত থাকায় ব্যাংক থেকে তার মোবাইলে কল করা হয়। তিনি জানান, তার বাবা অসুস্থ, তাই আসতে দেরি হবে। পরে দীর্ঘ সময় পার হলেও তিনি ব্যাংকে না আসায় তার ফোন বন্ধ পাওয়া যায়।
এরপর তার অবস্থান জানতে দীপঙ্করের স্ত্রী আঁখি সাহাকে ফোন করলে তিনি জানান, তার স্বামী অফিসের উদ্দেশে বাসা থেকে বের হয়েছেন। কিন্তু দীপঙ্কর ঘোষ সেদিন আর ব্যাংকে ফেরেননি।
পরে সন্দেহজনক পরিস্থিতি তৈরি হলে ব্যাংকের ব্যবস্থাপক মো. ইউসুফ মিয়া থানায় লিখিত অভিযোগ করেন। এরপর ৩০ আগস্ট মতলব উত্তর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয় এবং ১ সেপ্টেম্বর ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পুলিশ ভল্ট খুলে হিসাব যাচাই করে।
ভল্ট খোলার পর দেখা যায়, সেখানে মাত্র ২৭ লাখ ৭৯ হাজার ৬৮ টাকা ৭১ পয়সা রয়েছে। অথচ ব্যাংকের ক্যাশ পজিশন অনুযায়ী সেখানে থাকা উচিত ছিল ১ কোটি ২ লাখ ৯৯ হাজার ৬৮ টাকা ৭১ পয়সা। অর্থাৎ ভল্ট থেকে ৭৫ লাখ ২০ হাজার টাকা কম পাওয়া যায়।
এ ঘটনায় মতলব উত্তর থানায় অভিযোগ করার পর তা দুদক চাঁদপুর কার্যালয়ে পাঠানো হয়। পরে দুদক প্রধান কার্যালয়ের অনুমোদনক্রমে দীপঙ্কর ঘোষের বিরুদ্ধে মামলা করা হয়।
মামলার বাদী দুদক কর্মকর্তা মোহাম্মদ আজগর হোসেন জানান, তদন্তে প্রমাণিত হয়েছে, ক্যাশ অফিসার দীপঙ্কর ঘোষ ব্যাংকের ভল্ট থেকে টাকা আত্মসাৎ করেছেন। তার বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০ ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫ (২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, দীপঙ্কর ঘোষ দীর্ঘদিন ধরে কাঁধে ব্যাগ নিয়ে অফিসে আসা-যাওয়া করতেন। ধারণা করা হচ্ছে, তিনি ওই ব্যাগে করে কৌশলে টাকা বের করে নিয়ে যেতেন।
আলআমিন ভূঁইয়া/এমআই

