শ্রীপুরে অগ্নিকাণ্ডে ৭ পরিবারের ৯ ঘর পুড়ে ছাই
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২৩
ছবি : বাংলাদেশের খবর
গাজীপুরের শ্রীপুরে একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সাতটি পরিবারের ৯টি ঘরে থাকা টাকাসহ যাবতীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা উত্তর পাড়া খান বাড়ি মোড় এলাকায় সেলিম খানের ভাড়া বাসায় এ অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, আগুন লাগার খবর শুনে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
সেলিম খানের ভাড়াটিয়া শাহিদা আক্তার বলেন, আমি দুটি রুম নিয়ে এখানে থাকি ও কারখানায় কাজ করি। খবর পেয়ে এসে দেখি ঘরের সব মালামাল পুড়ে গেছে।
আরেক ভাড়াটিয়া খাজিদা আক্তার অভিযোগ করে বলেন, আমি বাড়ির মালিককে অনেকবার বলেছি যে বৈদ্যুতিক লাইনের সমস্যা হচ্ছে, কিন্তু তিনি গুরুত্ব দেননি। এখন আগুন লেগে আমার সব কিছু শেষ হয়ে গেছে।
ভাড়াটিয়া মামুন বলেন, আমি নাইস ডেনিম কারখানার ইউভিং সেকশনে কাজ করি। আমার ঘরের টাকাসহ প্রায় ২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
বাড়ির মালিক সেলিম খান জানান, আমি আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার ইন্সপেক্টর অপূর্ব জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ঘরের ভেতরের টিভি, ফ্রিজ, কম্পিউটার, টাকাসহ অন্যান্য মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এতে প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সোহেল/এমবি

