ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলি
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৩৮
ছবি : বাংলাদেশের খবর
সাভারের আশুলিয়ায় কারখানার ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়াসহ গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। পরে ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে আশুলিয়ার বাইপাইল এলাকার প্রুডেন্ট ফ্যাশন লিমিটেড নামের একটি পোশাক কারখানা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- মানিকগঞ্জের দৌলতপুর থানার রামচন্দ্রপুর গ্রামের ইদ্রিস শেখের ছেলে মো. পলাশ (৩৩), ময়মনসিংহের নান্দাইল থানার আব্দুল্লাহপুর গ্রামের আবাদুল হান্নানের ছেলে আবু বকর সিদ্দিক (৪৭), চাঁদপুরের সদরের দক্ষিণ দাসদী গ্রামের মৃত দুলাল খন্দকারের ছেলে আলম খন্দকার (৩৯), রংপুরের পীরগাছা থানার তালুকিশাদ গ্রামের শাহজাহানের ছেলে মুক্তার হোসেন (৩৩), নওগাঁর পত্নীতলা থানার রুপগ্রাম বেনীপুর গ্রামের হারুন ওর রশিদের ছেলে ইকরামুল হোসেন (২৮) ও ঠাকুরগাঁওয়ের সদরের রায়পুর (বাকশী) গ্রামের মো. ফরিদ ইসলামের ছেলে নুর আলম ইসলাম (২৪)।
পুলিশ জানায়, বিকেলে আশুলিয়ার পশ্চিম বাইপাইল এলাকায় প্রুডেন্ট ফ্যাশন লিমিটেড নামের একটি কারখানার পাশে দুই গ্রুপ মুখোমুখি অবস্থান নেয়। এক গ্রুপের হাতে দেশীয় অস্ত্র ছিল। মুখোমুখি অবস্থানকালে এক গ্রুপ অপর গ্রুপকে লক্ষ্য করে গুলি ছোড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৬ জনকে আটক করে পুলিশ। আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। এ সময় একটি বাড়িতে অভিযান চালিয়ে বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এ ব্যাপারে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ নুর আলম সিদ্দিক বলেন, ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনাস্থলের পার্শ্ববর্তী আলমগীরের বাড়ি থেকে ৬ জনকে আটক করা হয়। এ সময় ওই বাড়ি থেকে বেশকিছু লাঠিসোটাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
হাসান ভুঁইয়া/এমবি

