কুমিল্লা
সাবেক এমপি বাহারের বাড়িসহ আ.লীগ কার্যালয় ভাঙচুর-আগুন
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০০
সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়ার প্রতিবাদে কুমিল্লায় তাৎক্ষণিক মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। পরে সাবেক এমপি বাহারসহ বেশ কয়েকজন নেতাকর্মীর বাড়ি ভাঙচুর ও আগুন দেওয়া হয়। পুড়িয়ে ফেলা হয় মহানগর আওয়ামী লীগের কার্যালয়।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে নগরীর কান্দিরপাড় থেকে প্রতিবাদ মিছিল শুরু করে ছাত্ররা। পরে কুমিল্লার সাবেক এমপি বাহারের বাড়ি, মহানগর আওয়ামী লীগের কার্যালয়, সদরের ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আহমেদ নিয়াজ পাভেলের বাড়িঘর ভাঙচুর করে উত্তেজিত ছাত্রজনতা।
এসময় ছাত্রজনতা ‘আওয়ামী লীগের বিরুদ্ধে লড়তে হবে এক সাথে’, ‘ছাত্রলীগের বিরুদ্ধে লড়তে হবে এক সাথে’, ‘ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’, ‘রশি লাগলে রশি নে, হাসিনারে ফাঁসি দে’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’সহ নানা স্লোগান দিতে থাকেন।
ভাঙচুরের পূর্ব মুহূর্তে কান্দিরপাড়ে মিছিলের নেতৃত্ব দেন কুমিল্লা মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আবু রায়হান। মিছিলে উপস্থিত ছিলেন আন্দোলনের মুখপাত্র জাবেদ আহাম্মেদ ভুইয়া, মুখ্য সংগঠক মোস্তফা জিহান এবং যুগ্ম আহ্বায়ক ওহি তাজওয়ার। এ সময় নাগরিক কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।
গণহত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করে বক্তব্য দেন নেতারা। এছাড়া নানা স্লোগানে বিচারের দাবিতে প্রকম্পিত হয় কান্দিরপাড়ের পূবালী চত্বর। পরে টাউন হল থেকে মিছিল বের হয়ে পূবালী চত্বরে গিয়ে সমাবেশ করে ছাত্ররা।
বক্তব্যে কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হান বলেন, ‘হাসিনা হাজার মানুষ হত্যা করেছে। ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে। ছাত্রলীগ, আওয়ামী লীগ কর্মীদের যেখানে পাবেন, পুলিশের হাতে তুলে দেবেন।’
- সোহাইবুল ইসলাম সোহাগ/ওএফ

