তালাবদ্ধ ডিপ-টিউবওয়েল চালুর দাবিতে কৃষকদের মানববন্ধন
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৭
নওগাঁর মান্দা উপজেলার মৈনম ইউনিয়নের রামপুর গ্রামের তালাবদ্ধ ডিপ-টিউবওয়েল চালু ও অপারেটর নিয়োগ বাতিলের দাবিতে কৃষকদের মানববন্ধন অনুষ্ঠিত। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে মান্দা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া কৃষকরা অভিযোগ করেন, রামপুর গ্রামের ডিপ-টিউবওয়েলটি দীর্ঘদিন ধরে তালাবদ্ধ থাকায় তাদের জমিতে সেচ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। দ্রুত টিউবওয়েল চালু ও নিয়োগ বাতিলের দাবি জানান তারা। মানববন্ধনে প্রায় ৩০০ কৃষক উপস্থিত ছিলেন।
স্থানীয় কৃষক আবুল হোসেন, শাহিন আলম, আব্দুর রাজ্জাক, বাবুল আক্তারসহ অনেকে জানান, রামপুর গ্রামের কৃষকরা সেচের অভাবে ফসল উৎপাদন করতে পারছেন না। দ্রুত তালাবদ্ধ ডিপ-টিউবওয়েল চালু করা না হলে তারা কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বরেন্দ্র প্রকৌশলী এসএম মিজানুর রহমান বলেন, ‘আজ মিটিং আছে, মিটিং শেষে এবিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। আপাতত এ বিষয়ে কিছু বলা সম্ভব নয়।’
এম এ রাজ্জাক/এটিআর

