ঘরের ভেতর ঝুলছিল নারী শ্রমিকের মরদেহ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪০
গাজীপুরের শ্রীপুরে গলায় ওড়না পেঁচানো এক নারী শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ভোররাতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের ওমর ফারুকের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে।
নিহত শরিফা খাতুন (২৮) ময়মনসিংহের তারা কান্দা উপজেলার ওলামাকান্দি গ্রামের শহিদ মিয়ার মেয়ে। স্বামীর সঙ্গে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামে ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি কারখানায় শ্রমিকের কাজ করতেন।
জানা গেছে, ৫-৬ বছর আগে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ওলামাকান্দি গ্রামের সফিকুল ইসলামের সাথে শরিফার বিয়ে হয়। উপজেলার মুলাইদ এলাকায় একটি ভাড়া বাসায় তারা বসবাস করতেন। গত কয়েকদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াঝাঁটি লেগেই ছিল।
ভাড়াটিয়ারা জানান, কারখানা থেকে কাজ শেষ করে বুধবার (দিবাগত) রাতে বাড়িতে আসেন শরিফা। খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন তিনি। কিন্তু ভোররাতে হঠাৎ কান্নাকাটির শব্দ শুনে দৌড়ে তার রুমে যাই আমরা। সেখানে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখা যায় তাকে।
শ্রীপুর থানার উপপরিদর্শক এসআই মাহবুব বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে ওই নারী আত্মহত্যা করেছেন। তিনি স্থানীয় একটি কারখানায় শ্রমিকের কাজ করতেন। খবর পেয়ে রাতেই মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত করে বিস্তারিত জানা যাবে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল জানান, ঘটনাস্থল পরিদর্শন করে শরিফা খাতুনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আতাউর রহমান সোহেল/এটিআর

