ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর-আগুন, সাংবাদিকদের ভিডিও করতে বাধা
বাংলাদেশের প্রতিবেদক, নোয়াখালী
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:১৩
ছবি : বাংলাদেশের খবর
নোয়াখালীর কোম্পানীগঞ্জে উপজেলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। হামলা ভাঙচুরকালে ওবায়দুল কাদের কিংবা তার ভাইদের পরিবারের কেউ বাড়িতে না থাকায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুর একটার দিকে শতাধিক বিক্ষুব্ধ ছাত্র-জনতা লাঠিসোটা ও হেমার নিয়ে ওবায়দুল কাদেরের কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার বড় রাজাপুর গ্রামের বাড়িতে হামলা চালান। হামলাকারীরা এ সময় ওবায়দুল কাদেরের ছোটভাই বসুরহাট পৌরসভার সাবেক মেয়র ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের মির্জার দ্বিতল পাকা ভবনে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালান। পরে আসবাবপত্র বাইরে এনে আগুন ধরিয়ে দেন।
পরে তারা বাড়ির সামনে থাকা ওবায়দুল কাদেরের আরেক ছোটভাই শাহাদাৎ হোসেনের দ্বিতল বাড়ির সামনের গেট ভাঙচুর করেন এবং ভিতরে থাকা ভবন ব্যাপক ভাঙচুর করে একটি টিনশেড ঘরে আগুন ধরিয়ে দেন। এ সময় তারা বিভিন্ন আসবাবপত্র লুট করে নিয়ে যান। তবে শাহাদাৎ হোসেনের বাড়িতে হামলা চালানোর সময় গণমাধ্যমকর্মীদের ভিডিও করতে দেওয়া হয়নি।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফৌয়জুল ইসলামকে একাধিকবার ফোন দিওয়েও তাকে পাওয়া যায়নি।
দ্বীপ আজাদ/এটিআর/এমজে

