ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ফুলবাড়ী উপজেলার আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৪-এর নিকটবর্তী খালিশাকোঠাল এলাকায় তাকে আটক করা হয়। পরে বিজিবি সদস্যরা আটক যুবককে ক্যাম্পে নিয়ে যায়।
আটক যুবকের নাম নয়ন মিয়া (২৫)। তিনি ঢাকার হাতিরঝিল থানার বাদশা মিয়ার ছেলে।
বিজিবি ও থানা সূত্র জানায়, লালমনিরহাট ১৫ বিজিবির অধীন বালারহাট ক্যাম্পের নায়েক সুবেদার আলমগীর হোসেনের নেতৃত্বে বিজিবির একটি টহল দল বিকেলে নয়ন মিয়াকে আটক করে। পরে সন্ধ্যা ৭টায় বিজিবির নায়েক আলমগীর হোসেন তাকে ফুলবাড়ী থানায় সোপর্দ করেন।
আটক যুবক জানান, তিন বছর আগে কাজের সন্ধানে দালালের মাধ্যমে কুমিল্লা সীমান্ত দিয়ে ১০ হাজার টাকার বিনিময়ে ভারতে প্রবেশ করেন। ভারতে বিভিন্ন জায়গায় কাজ করার পর দেশে ফেরার চেষ্টা করেন। ফেরার সময় কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার করলা সীমান্ত দিয়ে ১২ হাজার টাকার বিনিময়ে দালালের সাহায্যে বাংলাদেশে প্রবেশ করতে গেলে বিজিবি তাকে আটক করে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, সন্ধ্যায় বিজিবি আটক যুবককে থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় বিজিবি বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করেছে।
ফজলুল করিম ফারাজী/এটিআর

