ফেনীতে আ.লীগের কার্যালয় ও সাবেক এমপিদের বাড়ি ভাঙচুর
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৬
ফেনীতে জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও সাবেক সংসদ সদস্যদের বাড়িতে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে পৃথকভাবে এসব ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
এদিন রাতে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষুব্ধরা জড়ো হয়ে বুলডোজার কর্মসূচি পালন করে। এরপর মিছিল নিয়ে তারা শহরের স্টেশন রোড এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর করে। একইসঙ্গে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসার ও ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বাড়িতেও আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা।
এছাড়া ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য, জাতীয় পার্টির নেতা লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর সোনাগাজীর সেনেরখিলস্থ গ্রামের বাড়িতেও ভাঙচুর-অগ্নিসংযোগ করা হয়। একইভাবে জেলা যুবলীগের সভাপতি ও দাগনভূঞা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিদারুল কবীর রতনের বাড়িতেও হামলা চালিয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ করা হয়।
বিক্ষুব্ধ ছাত্র-জনতার দাবি, আলাউদ্দিন নাসিম আওয়ামী লীগের সন্ত্রাসের হোতা ছিলেন। দলীয় নেতাকর্মীরা তাকে অভিভাবক মনে করতেন এবং তিনি বিভিন্ন অপরাধের কলকাঠি নেড়েছেন।
ছাত্র প্রতিনিধি সোহরাব হোসেন শাকিল বলেন, ‘বুলডোজার কর্মসূচির অংশ হিসেবে ধানমন্ডি-৩২ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সন্ধ্যা ৭টায় ফেনীতে কর্মসূচি ছিল। তাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিপ্লবী ছাত্র সমাজ ও আহত ভাইরা মিলে আজকে এখানে আন্দোলন করি।’
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন,‘ভাঙচুরের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।’
এম. এমরান পাটোয়ারী/এটিআর

