নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪২
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মামুন হোসাইনকে (৪০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে ফতুল্লা রেললাইনের পাশে এই নৃশংস ঘটনা ঘটে। নিহত মামুন পূর্ব লালপুরের বাসিন্দা। তিনি ইট-বালু ও সিমেন্টের ব্যবসা করতেন।
প্রত্যক্ষদর্শী ও নিহতের প্রতিষ্ঠানের ম্যানেজার আজাদ মিয়া জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে বালু, ইট ও সিমেন্ট লোড-আনলোড করে বাসায় চলে যান মামুন হোসাইন। তিনি আবার ভোর পৌনে ৫টার দিকে প্রতিষ্ঠানে সামনে এলে কয়েকটি গুলির শব্দ শুনতে পাওয়া যায়।
পরে আমরা দৌড়ে গিয়ে দেখি মামুন হোসাইন নিচে পড়ে আছে। ওই সময় দুইজন যুবক (আনুমানিক ২৬-২৮ বছরের) দৌড়ে পালিয়ে যান। পরে সেখান থেকে মামুনকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে বলে তিনি জানান।

