চাঁদপুরে মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা পুরুষ (৪৫) ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে চাঁদপুর লঞ্চ ঘাটের পূর্ব উত্তর পাশে নদী থেকে মরদেহ উদ্ধার করে নৌ-থানাপুলিশ।
নৌপুলিশ জানায়, নিহতের মরদেহ নদীতে ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে থানার উপ পরিদর্শক (এসবআই) বিল্লাল আজাদ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
পুলিশ আরও জানায়, অজ্ঞাতনামা ওই ব্যক্তি মুসলিম ধর্মাবলম্বী। পরনে কালো রঙ্গের প্যান্ট এবং গায়ে সাদা আকাশি প্রিন্টের ফুল হাতা শার্ট পরা অবস্থায় মৃতদেহটি পাওয়া যায়। গায়ের রং উজ্জ্বল শ্যামলা। লম্বা অনুমান ৫ ফিট ৬ ইঞ্চি।
চাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম এস ইকবাল বলেন, এ ঘটনায় থানায় একটি জিডি হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় সনাক্ত করার চেষ্টা এবং ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আলআমিন ভূঁইয়া/এটিআর

