চাঁদপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বইমেলা-জুলাই স্মৃতি কর্নার
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৪
ছবি : বাংলাদেশের খবর
চাঁদপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে আয়োজিত বইমেলা ও জুলাই স্মৃতি কর্নার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে আউটার স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে বইমেলা এবং ফিতা কেটে জুলাই স্মৃতি কর্নার উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমি ব্যতিক্রম কিছু করতে চেয়েছি। গণ্ডি থেকে বেরিয়ে আসতে চেয়েছি। সাহস নিয়ে বইমেলার আয়োজন করেছি। মানুষদের মধ্যে একটা চাহিদা আছে। এই ধরণের আয়োজনে সাধারণ মানুষ ও সাংস্কৃতিক কর্মীদের চাহিদা ও আগ্রহ রয়েছে। সেই চাহিদা মিটাতেই এই আয়োজন করেছি। আশাকরি বইমেলা জমে উঠবে।’
ডিসি আরও বলেন, ‘মেলা প্রাঙ্গণে আমরা একটা গোলঘর করেছি। যেখানে লেখকরা প্রতিদিন আড্ডা দেবেন। যেখানে প্রতিদিন সাহিত্য একাডেমিতে বসেন, এ কয়েকদিন এখানে বসবেন। বইমেলাতে আমাদের তরুণ প্রজন্মকে আনতে হবে। এটার দায়িত্ব শুধু লেখকদের নয়, আমাদের সবার। সম্প্রতি লেখকরা পাঠকশূন্য হয়ে পড়েছে। এই আয়োজনে প্রকাশিত বইগুলোও সমৃদ্ধ হবে।’
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য পেশ করেন, পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব, জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশ প্রমুখ।
আলআমিন ভূঁইয়া/এটিআর

